কয়লা সংকটের কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের ‘রামপাল

বাগেরহাট প্রতিনিধি

কয়লা সংকটের কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের ‘রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র’। গতকাল সকালে কয়লা না থাকায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে কয়লা আমদানির পর ৮ আগস্ট ফের চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিদ্যুৎ কেন্দ্রটির জন্য সর্বশেষ গত ১৩ জুলাই ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে। কয়লা সংকটের কারণে গত ১৪ জানুয়ারি থেকে এক মাস বন্ধ ছিল এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এরপর গত ২৩ এপ্রিল রাত থেকে কয়লা সংকটের কারণে আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা সংকট ছাড়াও কারিগরি ত্রুটির কারণে কয়েকবার বন্ধ হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের উৎপাদন। ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উদ্বোধনের কথা রয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে জানান, কয়লা সংকটের কারণে গতকাল সকাল থেকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বিদেশ থেকে কয়লা আমদানির পর আগামী ৮ আগস্ট ফের চালু করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights