করতোয়া নদীর পরিত্যক্ত জায়গায় পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শহরের করতোয়া নদীর পরিত্যক্ত জায়গায় খেলার মাঠ, ওয়াকওয়ে ও বিনোদন পার্ক নির্মাণ করে প্রাথমিক পর্যায়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার রাতে পঞ্চগড় শহরের সম্মুখে করতোয়া সেতুর নিচে রামেরডাঙ্গা এলাকায় নদীর পরিত্যক্ত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যারেজ নির্মাণের কাজও করা হবে। নদীর সম্পদ রক্ষা, সংস্কার ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা নেওয়া হবে, যাতে নদীর ওপর থাকা সেতু কোনো ঝুঁকিতে না পড়ে।
তিনি আরও বলেন, অতি দ্রুত রাজধানীতে আন্তমন্ত্রণালয় সভা করে প্রকল্পের বিষয়ে আলোচনা এবং পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শহরের কাছাকাছি হওয়ায় জায়গাটি মানুষের বিনোদনের জন্য উপযোগী। বিকেলে পরিবার-পরিজন নিয়ে মানুষ এখানে ঘুরতে আসতে পারবেন। জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
