কলকাতায় ৯১৯ হোটেল বন্ধের নোটিশ

কলকাতা প্রতিনিধি

বীরভূমের তারাপীঠ ও কলকাতার নিউমার্কেটে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর রাজ্যজুড়ে কঠোর অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার। যৌথ পরিদর্শনে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ও বৈধ লাইসেন্স না থাকায় কলকাতার ৯১৯টি আবাসিক হোটেল ও গেস্টহাউস বন্ধের নোটিশ দিয়েছে পৌরনিগম (পৌরসভা)।

বুধবার (৯ সেপ্টেম্বর) পৌর কমিশনার স্মিতা পান্ডে এ তথ্য জানান। পাশাপাশি ১ থেকে ৭ সেপ্টেম্বর পালিত খাদ্য সুরক্ষা সপ্তাহে পার্ক স্ট্রিট, ট্যাংরা ও বড়বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পচা মাংস ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

স্মিতা পান্ডে জানান, ‘কলকাতায় প্রায় ৩ হাজার ৭০০ গেস্টহাউস বা লজ রয়েছে। এর মধ্যে ৯৬০টি গেস্টহাউসে এখনও পর্যন্ত পরিদর্শনে গেছে পৌরনিগম, ফায়ার সার্ভিস, সিইএসসি-র যৌথ দল। ৯৬০টি গেস্ট হাউসের মধ্যে ৯১৯টি গেস্ট হাউসকে বন্ধ করে দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। ৪১টি গেস্টহাউস ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘যেসব গেস্ট হাউসে নোটিশ পাঠানো হয়েছে, সেগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে। কিছু হোটেল বৈধ লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল। তবে উৎসবের মৌসুমে পর্যটকদের কথা মাথায় রেখে শর্তাবলি মেনে এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিমুক্ত করে আবেদন জানালে পুনরায় হোটেল খোলার অনুমতি দেওয়া হবে।’

এদিকে, জনস্বাস্থ্য সুরক্ষায় ১ থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত ‘খাদ্য সুরক্ষা সপ্তাহ’ উপলক্ষে ব্যাপক অভিযান চালায় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ। পার্ক স্ট্রিট, ট্যাংরা, বড়বাজার ও বউবাজারসহ শহরের একাধিক বাজারে পরিচালিত অভিযানে ফ্রিজে রাখা দীর্ঘদিন আগের পচা মাংস, ছত্রাকপড়া খাবার এবং বিরিয়ানির মশলায় দেয়ালের বিষাক্ত রঙের মতো মারাত্মক ক্ষতিকর উপাদানের উপস্থিতি মেলে। এসব অনিয়মের দায়ে শহরের ৪০টি রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights