কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে
নিজস্ব প্রতিবেদক, খুলনা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, অন্তর্র্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা; যাতে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখন এই কমিশনকে গতিশীল জনসম্পৃক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন। কারণ তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে ও আগামীতেও করবে। সংস্কার নিয়ে ইতোমধ্যে কানাঘুষা তৈরি হয়েছে। যা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গতকাল তিনি খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন। দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, বন্ধকৃত মিল কলকারখানা চালু, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা মহানগর সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শোয়াইব হুসাইন, শেখ মো. নাসির উদ্দিন, মুফতি ইমরান হুসাইন, হাফেজ আসাদুল্লাহ আল গালীব।
