কার্যক্রম শেষ করে ফিরে গেল ভারতীয় মেডিক্যাল টিম

অনলাইন ডেস্ক

ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিক্যাল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছে।

সোমবার (২৮ জুলাই) রাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

এতে আরো বলা হয়, ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিক্যাল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) তাদের বাংলাদেশি সহযোগীদের সাথে কাজ করেছে। মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএসে অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবেলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এর আগে, নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই টিমটি গত ২৩ জুলাই বাংলাদেশে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights