কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর প্রতিনিধি
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আজ রবিবার দুপুরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ষ্টারলিংক কারখানার শ্রমিকরা দুপুরের খাবার শেষে কাজে ফিরছিল। শ্রমিকদের নিরাপদে পারাপারের জন্য কারখানার নিয়োগকৃত নিরাপত্তাকর্মীরা রশি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শ্রমিকরা নিরাপদে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। সেখানে রশি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শিক্ষার্থীদের বেশ কিছু মোটরসাইকেল আটকা পড়ে।

এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে নিরাপত্তাকর্মীদের মারধর করে। এ সময় কারখানা কয়েকজন স্টাফ এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। কারখানার নিরাপত্তাকর্মী ও স্টাফদের মারধর করার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে বেলা আড়াইটার দিকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এর আগেই শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়। পরে শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে এবং সেখানে একটি ফুটওভার ব্রীজ নির্মাণের দাবি জানায়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ থাকায় উভয়দিকে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীরা।

স্টারলিংক কারখানার শ্রমিক দেলোয়ার হোসেন বলেন, তাদের কারখানা থেকে এক কিলোমিটার দূরে একটি ফুটওভার ব্রিজ রয়েছে। যার কারণে তাদের চলাচলে অনেক অসুবিধা হয়। কারখানার সামনে অথবা আশেপাশে একটি ফুটওভার ব্রিজ থাকলে তাদের সড়ক অতিক্রম করতে সুবিধা হতো।

অপর শ্রমিক হাজেরা বেগম বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফুটওভার ব্রিজ থাকলে ঝুঁকি নিয়ে তাদের মহাসড়ক পারাপার হতে হতো না।

কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights