কালীগঞ্জ পৌরসভায় প্রায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

রবিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে পূর্বের জেরসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ২০ লাখ ৯ হাজার ৬৪৯ টাকা।

অন্যদিকে, উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ১৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা। সবমিলিয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেটে নাগরিকদের ওপর অতিরিক্ত কোনো করের বোঝা না চাপিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights