কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হওয়ায় একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ৮ জনকে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৫৭ জনকে।
এদিকে জেলার তিন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।
