কুপিয়ে একজনের হাত-পা ভাঙল সন্ত্রাসীরা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের আব্দুল শহিদ মল্লিক (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

হামলাকারীরা শহিদ মল্লিককে রামদা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত, দুই পা ভেঙে দিয়েছে। বর্তমানে শহিদ মল্লিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরে সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর অনুসারী সামচু মাতুব্বর ও তার দুই ছেলের নেতৃত্বে বুধবার সকালে ১০/১২ জন সশস্ত্র ব্যক্তি আব্দুল শহিদ মল্লিকের উপর হামলা চালায়। এসময় শহিদ মল্লিক মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। হামলাকারীরা এসময় শহিদ মল্লিকের দুই হাত ও দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দেয়।

এ ছাড়া হাতুড়ি ও লোহাড় রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটায়। হামলার পর শহিদ মল্লিক অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে হামলাকারীর চলে যায়। পরে স্থানীয়রা শহিদ মল্লিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায়। বর্তমানে শহিদ মল্লিক মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত শহিদ মল্লিকের স্বজনরা জানান, আওয়ামী লীগের সাবেক এমপি লাবু চৌধুরীর অনুসারী সামচু মাতুব্বর প্রতিপক্ষের লোকদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সামচু মাতুব্বরের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

নগরকান্দা থানার ওসি জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights