কুমারখালীতে ৬ ফার্মেসিকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
নানা অব্যবস্থাপনার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে ৬ ফার্মেসি মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পৌনে তিনটা পর্যন্ত চলে এ অভিযান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আমিরুল আরাফাত জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ১১টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে খেজুর ঘরের দোকানে ওষুধ মজুদ, ফ্রিজে কাঁচা মরিচ, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা-আবর্জনাসহ নানা অব্যবস্থাপনা পাওয়া যায় ছয়টি ফার্মেসিতে।
এ অপরাধে মোল্লা ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি মালিক সেলিম রেজাকে দুই হাজার, সরকার ফার্মেসির মালিক শাহিন আলীকে চার হাজার, ইসলামিয়া ফার্মেসির মালিক হাসিবুল হাসানকে পাঁচ হাজার, শিপ্রা ফার্মেসির মালিক অসীম কুমারকে ১২ হাজার এবং চৌধুরী ফার্মেসির মালিক নির্মল কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights