কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায়, চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে এক কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। ‘

গ্রেফতারকৃতরা হলেন- মো. লিটন (৩৪), আলাল উদ্দিন ড্যানি (৫০), রতন আলী হিরা (৩৬) ও জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)।

পুলিশ জানায়, রাজশাহীর তানোর উপজেলার আক্তার হোসেন জমিজমা সংক্রান্ত বিষয়ে চার বছর আগে আদালতে বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় সকাল ১০টায় তিনি রাজশাহী আদালতে আসেন। উকিলবারে মামলার বিষয়ে উকিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সকাল সাড়ে ১০ টায় আদালতের গেটে আসলে আসামি ড্যানি ও জাহিদ ভয়ভীতি দেখিয়ে আক্তার হোসেনকে অটোরিকশায় উঠিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আসামি লিটন ও হিরাসহ সবাই আক্তারকে এলোপাতাড়ি মারধর করে।
আসামিরা আক্তার হোসেনের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আসামিরা আক্তারের কাছ থেকে তার ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। আক্তার হোসেন এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, মঙ্গলবার গভীর রাতে রাজপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন আইনে মামলা আছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights