কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারি ড্রু ফিশারের একটি সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তিনি ফিফার নতুন নিয়ম উপেক্ষা করে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন। তবে ফুটবলের আইন বিশ্লেষণে দেখা গেছে, রেফারি কার্যত সঠিক নিয়মই প্রয়োগ করেছেন।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের ২০তম গোল করেন। পরে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় এবং শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেইয়ের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিতর্কের সূত্রপাত হয় ম্যাচের এক পর্যায়ে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে সংঘর্ষে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর নাক ফেটে রক্ত বের হয়। তাকে জার্সিও পরিবর্তন করতে হয়। ঠিক সেই সময় কেপ ভার্দে একটি কর্নার পায়। অনেকের দাবি ছিল, ফিফার নতুন নিয়ম অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর তাগলিয়াফিকোকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হতো। কিন্তু রেফারি খেলা শুরু না করে তার ফেরার অপেক্ষা করেন।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ২৩ মিলিয়নের বেশি বার দেখা হয়। অনেকেই অভিযোগ করেন, রেফারি আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা দিয়েছেন।

তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবির নিয়ম অনুযায়ী, রক্তপাতের ঘটনা সাধারণ চিকিৎসাজনিত বিরতির নিয়মের আওতায় পড়ে না।

আইএফএবির আইন অনুযায়ী, কোনো খেলোয়াড়ের শরীর থেকে রক্ত বের হলে তাকে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে। রেফারি নিশ্চিত হওয়ার পর যে রক্তপাত বন্ধ হয়েছে এবং পোশাকে রক্তের দাগ নেই, তখনই তিনি মাঠে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে এক মিনিট অপেক্ষার বাধ্যবাধকতা নেই। প্রয়োজন হলে রেফারি কর্নারের মতো গুরুত্বপূর্ণ ডেড বল পরিস্থিতিতে খেলা সাময়িকভাবে স্থগিতও রাখতে পারেন।

ফলে তাগলিয়াফিকোর ক্ষেত্রে ফিফার নতুন এক মিনিটের নিয়ম প্রযোজ্য ছিল না। অর্থাৎ রেফারি ড্রু ফিশার নতুন নিয়ম লঙ্ঘন করেননি, বরং আইএফএবির বিদ্যমান আইন অনুসারেই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে অতিরিক্ত সময়ে যোগ করা সময়ের পরিমাণ নিয়ে কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে এখনো অসন্তোষ রয়েছে।

সূত্র: স্পোর্টস বাইবেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights