কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলকে ১–০ গোলে হারিয়েছে ব্রাজিল দল। সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দেয়। বল দখল, আক্রমণ–পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট বাকি থাকতে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ছবিওয়ালা খ্যাত স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ। এরপর রক্ষণভাগ শক্ত রেখে খেলায় শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। একমাত্র গোল করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তুষার আব্দুল্লাহ। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার মধ্যেও এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights