কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর-মারধর

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দৈনিক জনকণ্ঠ ও রাইজিংবিডি’র কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শিপন উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাংবাদিক শিপন উদ্দিনসহ তাঁর পরিবারের তিন সদস্য প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে।

আজ শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হামলাকারীরা হলেন, ফিরোজ উদ্দিন দিপু (৪৮), ফরিদ উদ্দিন (৩৯), আবু বক্কর সিদ্দিক বাবু (৬০)।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এসময় হামলায় তাঁর মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সাংবাদিক শিপন উদ্দিন বলেন, হামলাকারীরা আমার সৎ ভাই, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সাথে একটা মামলা চলমান ছিল।মামলাটির রায় আমার পক্ষে আসায় পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তাঁরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights