কোনো দেশ যুক্তরাষ্ট্রের ঢাল হলে ‘যুদ্ধের আগুনে পুড়বে’: ইরানি জেনারেল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কোনো দেশ ওয়াশিংটনকে ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করলে তাকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।

শনিবার এক বক্তব্যে তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও জোট পুনর্বিবেচনার আহ্বান জানান। খবর তাসনিম নিউজের।

আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত যুদ্ধের’ দিকে এগোচ্ছে। তার ভাষায়, এর লক্ষ্য পুরো অঞ্চলে সম্প্রসারণ ও অবৈধ আধিপত্য প্রতিষ্ঠা করা।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও অবকাঠামোকে ব্যবহার করছে। একই সঙ্গে এসব দেশকে নিজেদের সামরিক কর্মকাণ্ডের জন্য ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজে লাগাচ্ছে ওয়াশিংটন।

ইরানি এই জেনারেল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ও অবকাঠামোর আড়াল থেকে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে। এর ফলে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহি বলেন, ইরান তার অবস্থান পরিষ্কার করেছে। আঞ্চলিক মুসলিম দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা জোটবদ্ধতা নতুন করে বিবেচনা করা।

তিনি সতর্ক করে বলেন, ‘অন্যথায়, যেকোনো দেশ অপরাধী ও আগ্রাসী আমেরিকার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করবে, তা যুদ্ধের আগুনে পুড়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights