কোন পক্ষে হতাহত কতজন, ক্ষয়ক্ষতি কতটা?
অনলাইন ডেস্ক
পাকিস্তান ও আফগানিস্তান গেল কয়েক মাসে কয়েকবার একে অপরকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে; আর প্রতিবারই তারা শান্ত হয়েছে সৌদি আরব ও তুরস্কের মতো বিদেশি শক্তির মধ্যস্থতায়। কিন্তু নতুন করে দুই দেশের মধ্যে যে লড়াই বেঁধেছে, তার তীব্রতা কিংবা পরিধি আগের চেয়ে অনেক বেশি। একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
শুক্রবার দিনভর উত্তেজনার পর সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই দেশ। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও নিজেদের মতো বার্তা দিয়েছে তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি। এ ছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করে নেন, পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক মানুৃষ আহত হয়েছেন।
তবে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি কোনোটাই আল–জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র: আলজাজিরা
