খানসামায় আগুনে পুড়ে গেলো গরু-ছাগলসহ ঘরবাড়ি

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় মধ্যরাতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় গরু-ছাগলসহ ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে। আগুনে ৭টি পরিবারের বাড়ি-ঘর, কাপড়চোপড়, আসবাবপত্রসহ ৫টি গরু ও ৪/৫টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ট্যানপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

জানা যায়, ঐ এলাকার ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে তার বাড়ি দিয়ে শুরু করে পার্শ্ববর্তী বাড়ি আইনুল ইসলাম, আনোয়ার রহমান, মজনু রহমান, ফয়মদ্দিন ও এনছান আলীসহ ৭ জনের বাড়ি পুড়ে যায়। এতে তাদের আসবাবপত্র, গবাদিপশু, কাপড়চোপড়ও পুড়ে ছাই হয়ে যায়। তাদের পরিহিত কাপড় ছাড়া আর কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। এরপর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দরিদ্র ওই পরিবারগুলো।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে তারা নিঃস্ব হয়ে গেছে। কয়েলের আগুন থেকে সবাইকে সর্তক থাকতে হবে।
খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights