খুলনায় জুয়েলারি দোকানে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দৌলতপুরে দিনদুপুরে ‘দত্ত জুয়েলার্স’ নামে এক জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

সোমবার দুপুরে দৌলতপুর মহেশ্বরপাশা কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেটকারে পাঁচজন ডাকাত দত্ত জুয়েলার্সের সামনে আসে। গাড়ি থেকে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে চারজন দোকানে ঢুকে কর্মচারীদের মারধর করে। তারা গুলি করার ভয় দেখিয়ে দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা ও ৮-১০ ভরি স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দোকানে ডাকাতির ঘটনা টের পেয়ে লোকজন এগিয়ে এলে ডাকাত দল দোকানের সামনে বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে দোকানের কর্মচারী সজিবসহ দুইজন আহত হয়।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল নিয়ে ডাকাতদলের পিছু ধাওয়া করে। পরে ফুলতলার বেলেখালি থেকে প্রাইভেটকারসহ নাজিমুদ্দিন খোকন নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। লুট করা স্বর্ণালংকার নিয়ে বাকিরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights