খুলনায় ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট-নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দুই দিনের ভারী বৃষ্টিপাতে খুলনা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে।

এদিকে ভারী বৃষ্টিতে নগরীর খালিশপুর মুজগুন্নি, বাস্তুহারা কলোনী, হাউজিং এলাকা, ফুলবাড়ি গেট, রেলিগেট, মহেশ্বরপাশা, দৌলতপুর, রায়েরমহল, বয়রা বাজার, গোবরচাকা নবীনগর, রয়েল মোড়, বাইতিপাড়া, মৌলভীপাড়া, টিভিবাউন্ডারী রোড, রয়েল মোটেলের মোড়, টুটপাড়া জোড়াকল বাজার, মহির বাড়ি খালপাড়সহ নগরীর প্রায় দুই-তৃতীয়াংশ সড়ক পানিতে ডুবে যায়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকায় বিপাকে পড়েন শ্রমজীবী, শিক্ষার্থী, চাকরিজীবী মানুষ।
নিম্নাঞ্চলে খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট বসতবাড়ি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কিছু জায়গায় উন্নয়ন কাজ চলমান থাকায় সেখানে পানি নিষ্কাশন ব্যাহত হয়। প্রচুর বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনে সময় লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights