খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন দিয়ে উদ্ধারকাজ শেষ করে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরও বলেন, খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়। যাত্রীরা টিকিটের টাকা চাইলে ফেরত নিতে পারবেন।

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights