খেলা শুরুর আগেই পদক জিতলেন লভলিনা

অনলাইন ডেস্ক

২০২৬ কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই একটি পদক নিশ্চিত করেছে ভারত। অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই রিংয়ে না নেমেই নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে উঠে যাওয়ায় ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য এবারের গেমসে এই ওজন শ্রেণিতে নির্ধারিত আটজনের পরিবর্তে অংশ নিচ্ছেন মাত্র পাঁচজন বক্সার। শেষ মুহূর্তে তিন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় লভলিনাসহ তিনজন সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পান।

বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার বক্সারই পদক নিশ্চিত করেন। ফাইনালে জয়ী পান স্বর্ণ, রানারআপ রুপা এবং সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সার পান ব্রোঞ্জ। ফলে কোনো ম্যাচ না খেলেই লভলিনার অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

তবে ভারতের এই তারকার লক্ষ্য আরও বড়। সেমিফাইনালে টুভালুর তাফাকিকে হারাতে পারলে তিনি ফাইনালে উঠবেন এবং অন্তত রুপা নিশ্চিত করবেন। আর ফাইনালে জিততে পারলে গলায় উঠবে স্বর্ণপদক।

এবারের কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights