গাইবান্ধায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। এর আগে সোমবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার করতোয়া নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ছোট, মাঝারি ও বড় সাইজ মিলে মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জাল স্থানীয়ভাবে শয়তান জাল নামে পরিচিত। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights