গাইবান্ধায় মাসব্যাপী এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

নারীদের জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে গাইবান্ধায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির প্রথম দুই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের এবং বাকি দিনগুলোতে কমিউনিটি পর্যায়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। জেলার ৭ উপজেলার ১ লাখ ২১ হাজার ২৬০ জন কিশোরীকে বিনামূল্যে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম ও সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা।
বক্তারা এইচপিভি কী, কীভাবে এটি নারীদের জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টি করে এবং এর সুফল সম্পর্কে জানার গুরুত্ব আলোচনা করেন। কোনভাবেই কেউ যেন এই টিকা কার্যক্রম থেকে বাদ না পড়েন সেদিকে খেয়াল রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, এসআইএমও ডা. জাকারিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী, টিকাদানকারী সুপারভাইজার রায়হান মিয়া প্রমুখ। টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন, গাইবান্ধা জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights