গাজামুখী কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি, দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনপন্থী কর্মী ও মানবিক সহায়তাবাহী গাজামুখী কোনো নৌযানই অবরোধ অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “হামাস-সুমুদ প্ররোচনামূলক কোনো নৌযান সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসংগত নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।” বিবৃতিতে আরও বলা হয়, “এই প্ররোচনার সর্বশেষ একটি নৌযান বর্তমানে দূরত্বে অবস্থান করছে। সেটি অগ্রসর হলে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হবে।”

এর আগে বুধবার ইসরায়েলি বাহিনী ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

ফ্লোটিলার প্রথম বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও কয়েকটি নৌযান যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কয়েকটি নৌযান ত্রাণ নিয়ে ফ্লোটিলায় যোগ দেয়।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই বহরে প্রায় ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের নাগরিক, ইউরোপীয় পার্লামেন্ট-এর নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights