গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি পোশাক কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার একটি পোশাক কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২টা) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম সাংবাদিকদের জানান, ‘‘বিকেলে কারখানা ছুটি হয়েছে। হঠাৎ করে ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।’’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights