গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে জেলার চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যেতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে বাসের পাশে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন বড় আকার ধারণের আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights