গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫ জন রিমান্ডে
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার ১৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন-নিরব খান, সাইফুল ইসলাম, জুয়েল শিকদার, সাহেদ, শান্ত শেখ, হারুন মাইজভান্ডারি, খালেদ মাহমুদ ফয়সাল, সফিকুর রহমান, বিল্লাল গাজি, ইসমাইল সিরাজী, আরিফুর রহমান, ইদ্রিসুর আলম, জয়নাল আবেদীন মামুন, জয়েন্ত কুমার ও মোজাম্মেল হক।
বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী পাকা রাস্তায় জড়ো হয়ে বিস্ফোরক দ্রব্য বহন করে মিছিল করে। মিছিল নিয়ে পুলিশ প্লাজার দিকে যাওয়ার সময় তারা সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
