গৌরনদীতে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের গৌরনদীতে এক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ ও হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন।

ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার বলে জানা গেছে। অভিযুক্ত মো. শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরে এক নারীকে এক যুবকের সঙ্গে আটক করেন শাহিন ও তার সহযোগীরা। পরে ওই নারীকে হেনস্থার পাশাপাশি ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, অর্ধউলঙ্গ অবস্থায় ওই নারী নিজের ওড়না দিয়ে শরীর ও মুখ ঢাকার চেষ্টা করছেন। এ সময় এক ব্যক্তি তার শরীর থেকে ওড়না সরিয়ে ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে হেনস্থার দৃশ্যও রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শাহিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানান। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ‘বিষয়টি জানতে আজই (শনিবার) ঘটনাস্থলে যাব। কী প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা খতিয়ে দেখে সত্যতা পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights