চকরিয়ায় বাথরুম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকা থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাদিয়া স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। মঙ্গলবার পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাথরুমে ঝুলন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।
এ সময় নিহতের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির স্বজনদের কাছ থেকে ঘটনার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। নিহতের শাশুড়ির দাবি, সাদিয়া আত্মহত্যা করেছেন। তবে বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
নিহতের মা জন্নাতুল মাওয়া রুজি অভিযোগ করেন, সাদিয়ার স্বামী চাকরি ছেড়ে দেওয়ার পর বিদেশে যাওয়া ও বাড়ির গেট নির্মাণের জন্য তিন লাখ টাকা প্রয়োজন হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁর অভিযোগ, ওই বিরোধের জেরেই সাদিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
