চরফ্যাশনে বাবা-মেয়েকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে বাবা-মেয়েকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলার হাট থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এদিকে, প্রকাশ্যে নির্যাতনের এ ঘটনা ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিরাজুল ইসলাম, তার মেয়ে সুমাইয়া বেগম ও স্ত্রী ফিরোজা বেগম। তারা বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই বাড়ির মো. শাহিন, ফিরোজ, কবির হোসেন, নুরনবী, আয়শা খাতুন, সাথী বেগম ও খতেজা খাতুন প্রকাশ্যে এ ঘটনা ঘটায়।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ও মেয়েকে বিবস্ত্র করে প্রকাশ্যে নির্যাতনের ৪৫ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের মো. শাহিন, ফিরোজ, কবির, নুরনবী, আয়শাসহ কয়েকজন সুমাইয়া ও তার বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। প্রতিপক্ষদের হামলায় সুমাইয়া নামে ও তার বাবা তাদের নির্যাতনে মাটিতে লুটিয়ে পরে। হামলাকারীদের হাত থেকে যুবতী মেয়েকে বাঁচাতে বাবা, মা ও ভাই হামলাকারীদের থামানোর চেষ্টা করে। সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমাইয়া বেগম বলেন, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন আমাদের জমি জমা নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে তার বাবা সিরাজুল ইসলাম চরফ্যাসন আদালতে মামলা করে। ঘটনার দিন প্রতিপক্ষরা আদালতে হাজির শেষে বাড়িতে গিয়ে তাদের উপর হামলা করে।

আহত সিরাজুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম ৭ জনকে আসামি করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুলার হাট থানায় একটি মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে শাহিন ও ফিরোজকে গ্রেফতার করে দুলারহাট থানা পুলিশ।

দুলার হাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিবুল্লাহ জানান, এ ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিপক্ষ নির্যাতন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা ব্যবস্থা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights