চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪০ জেলে আটক, ৩৩ জনের নামে মামলা
চাঁদপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকার করায় ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন। তিনি জানান, অভিযানের সময় আটক জেলেদের কাছ থেকে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০টি মাছ ধরার নৌকা ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়।
ওসি জানান, আটক ৪০ জেলের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা করা হয়েছে।
জব্দ করা জিনিসপত্রের বিষয়ে তিনি বলেন, কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দকৃত ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া মামলার আসামি জেলেদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
