চাঁদপুরে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর মেঘনা নদীর মোহনায় শরীয়তপুর থেকে আসা যাত্রাবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে গোপন সংবাদে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, আজ দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ১৫ লাখ ১০ হাজর মিটার নতুন কারেন্ট জাল পরিবহনরত অবস্থায় জব্দ করা হয়। তবে ট্রলারে থাকা কেউ কারেন্ট জালের দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম এবং কোস্ট গার্ডের টহল সদস্যরা। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights