চাপটা ইংল্যান্ডের ওপরই বেশি থাকবে: সোলবাকেন

অনলাইন ডেস্ক

আগামীকাল শনিবার রাতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের আগে নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন বলেছেন, তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের ওপরও চাপটা বেশি থাকবে। একই সাথে তিনি যোগ করেছেন, এই ম্যাচটি কেবল হ্যারি কেন বনাম আর্লিং হালান্দের লড়াইয়ের চেয়েও বড় কিছু।

তীব্র গরমের মিয়ামিতে থমাস টুখেলের দলের (ইংল্যান্ড) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে পরাজিত করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এটিই নরওয়ের প্রথম বিশ্বকাপ এবং টুর্নামেন্টের শেষ আটে পৌঁছানোর ঘটনাও তাদের ইতিহাসে এবারই প্রথম।

অন্যদিকে, এস্তাদিও আজটেকাতে মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ গোলের অসাধারণ এক জয় নিয়ে মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়েছে ইংল্যান্ড। তবে মার্ক গেহি, ডেকলান রাইস এবং রিস জেমস দলে ফিরতে লড়াই করায় তাদের চোটের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ইংল্যান্ডের বাড়তে থাকা চোটের তালিকা সত্ত্বেও সোলবাকেন মনে করেন, আসলে মূল চাপটা টুখেলের দলের ওপরই থাকবে।

সোলবাকেন বলেন, “আমাদের চেয়ে ইংল্যান্ডের ওপর চাপ বেশি, তবে আমরা আমাদের পারফরম্যান্সের ওপর বেশি জোর দিচ্ছি। খেলা যখন শুরু হয়ে যায়, আমার মনে হয় না খেলোয়াড়রা চাপ নিয়ে মাথা ঘামায়। মাঠে লড়াইটা তো ১১ জনের বিরুদ্ধে ১১ জনের—চাপের বিষয়টি আসলে খেলা শুরুর আগের আলোচনাতেই সীমাবদ্ধ থাকে।”

তিনি আরও যোগ করেন, “গত তিন সপ্তাহ ধরে পুরো জাতি এক দারুণ সময় পার করছে, আপনি টের পাবেন মানুষের আবেগ জড়িয়ে আছে এর সাথে। আর আগামীকাল যেহেতু শনিবারের ম্যাচ, তাই পরিবেশটা এর চেয়ে দুর্দান্ত আর হতে পারে না।”

সূত্র: ইএসপিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights