চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত: দুদু

অনলাইন ডেস্ক
চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে। এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে। যারা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে। ওই গোষ্ঠির বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে থাকবে।’

তিনি বলেন, ‘যারা গণহত্যা করেছে, যারা ছোট ছোট ছেলে-মেয়েদের হত্যা করেছে, শত শত না হাজারে হাজারে, ১৬ বছর ধরে গুম-অপহরণ করেছে আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

দুদু আরও বলেন, ‘মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানদের যারা হত্যা করেছে, নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেন। তারপরে নির্বাচনে আপনারা অংশ নেবেন নাকি নেবেন না সেটা আমরা ঠিক করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights