চার দশক পর বিএনপির দখলে রামপাল-মোংলা আসন

বাগেরহাট প্রতিনিধি

চার দশকের দীর্ঘ অপেক্ষার পর বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ ড. ফরিদ প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ১৯ হাজার ১১১ ভোটের ব্যবধানে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ শেখকে পরাজিত করে রেকর্ড সৃষ্টি করেছেন।

এবারের নির্বাচনে জেলার অন্য ৩টি সংসদীয় আসনে দলীয় কোন্দল আর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কারণে বিএনপির প্রার্থীরা জামায়াতের কাছে পরাজিত হলেও সকল ষড়যন্ত্র কৌশলে রুখে দিয়ে জয়ী হয়েছেন ড. ফরিদ। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে বিএনপির প্রার্থী আফতাব উদ্দিন হাওলাদার নির্বাচিত হওয়ার পর বিএনপির আর কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি। চার দশকের দীর্ঘ অপেক্ষার পর ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়ের মধ্য দিয়ে এবার এই আসনটি বিএনপি দখল করতে পেরেছে।

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল-মোংলা আসনটি পুনরুদ্ধার করতে বিগত ১৭ বছর ধরে দলকে তৃণমূল থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি এলাকার মানুষের সেবা করতে ফ্রি মেডিকেল করেছি। আই ক্যাম্পের মাধ্যমে রোগী বাছাই করে বিনা মূল্যে অপারেশন চশমা প্রদান করে এলাকার প্রায় ১০ হাজার মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে এলাকার দরিদ্র শত শত পরিবারকে আর্থিক সহায়তা করে তাদের হৃদয় জয় করেছি। পাশাপাশি নির্যাতিত ও মিথ্যা মামলায় কারাগারে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশে থেকে ফ্রি আইনি সহায়তা, চিকিৎসা ও তাদের পরিবারসহ সন্তানদের পড়াশোনা ও আর্থিক সহায়তা করেছি। এভাবে আমি দলীয় নেতাকর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় চাঁদাবাজি ও চিংড়িঘের দখল রুখতে কাজ করেছি। এসব করতে গিয়ে আমার দলেরই একটি অংশ আমি যাতে বিএনপির মনোনয়ন না পাই তার জন্য কাজ করেছে। তারপরও দলকে এক রাখতে সকল ষড়যন্ত্র কৌশলে রুখে দিয়েছি। এই সংসদীয় এলাকার মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা রেখে দীর্ঘ চার দশক পর আমাকে নির্বাচিত করেছেন। এখন আমার প্রথম কাজই হচ্ছে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত রামপাল ও মোংলা গড়ে তোলা। মোংলা শিল্পাঞ্চলে এলাকার অধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights