চার মাসে অপ্রচলিত বাজারে ২৩৭ কোটি ডলারের রপ্তানি

নিজস্ব প্রতিবেদক

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। বিশেষ করে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। ফলে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। দেশটির বাজারে বাংলাদেশের পোশাকের অংশীদারিও বেড়েছে। গত বছরের একই সময়ে অপ্রচলিত বাজারে তুরস্কের অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য জাপান। চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ। শুধু অক্টোবর মাসেও অপ্রচলিত বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে এসব বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবর মাসে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights