চিকিৎসকের হিজাব টেনে খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নেওয়ার এক মাসের মাথায় ফের বিতর্কে জড়ালেন নীতিশ কুমার। সোমবার পাটনায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে এক নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনায় তার মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। খবর এনডিটিভির।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক আয়ুষ (আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।

ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

ঘটনাটিকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সরাসরি প্রশ্ন তুলেছে, এটি কি তার মানসিক অবস্থার অবনতির প্রমাণ নয়?

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নীতীশ কুমার। গত নভেম্বরের বিহার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় এক জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights