চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে চাকরিরত ছিলেন। তাকে কুড়িগ্রাম সদর থানায় আশিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তাকে বিকেলে আশিক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
গত ৪ আগস্ট জেলা শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। এ ঘটনায় গত ১০ অক্টোবর মোগবাসা এলাকার রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে জাকির হোসেনকে এ মামলায় গ্রেফতার করে পুলিশ।
