চীনে চিপ পাচারের সন্দেহ: এনভিডিয়ার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

অনলাইন ডেস্ক

চীনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ পাচারের অভিযোগে মেগাস্পিড নামের একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মাঝপথে ওই তদন্তের খোঁজখবর নিতে যায় মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এরপরই হঠাৎ করে মামলাটি মার্কিন বাণিজ্য দপ্তর থেকে বিচার বিভাগের হাতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে এনভিডিয়ার প্রভাব খাটানোর সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে এনভিডিয়ার এক শীর্ষ আইনজীবী বাণিজ্য দপ্তরের তদন্তকারীদের কাছে ই-মেইল করে তদন্তের তথ্য জানতে চান। তিনি জানান, ঊর্ধ্বতন এক কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি যোগাযোগ করেছেন। তবে তদন্তকারীরা এনভিডিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেন।

এনভিডিয়ার এই অনাকাঙ্ক্ষিত যোগাযোগের কারণে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় মার্কিন বিচার বিভাগ মামলাটি নিজেদের হাতে তুলে নেয়। বর্তমানে মেগাস্পিডের বিরুদ্ধে ফৌজদারি (ক্রিমিনাল) তদন্ত চলছে। বিষয়টি বেশ অস্বাভাবিক, কারণ বাণিজ্য দপ্তর চাইলেই প্রতিষ্ঠানটির ওপর সরাসরি প্রশাসনিক নিষেধাজ্ঞা দিতে পারত।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড মূলত মালয়েশিয়ায় ডেটা সেন্টার তৈরি করছিল, যেখানে এনভিডিয়ার বিপুল পরিমাণ এআই সরঞ্জাম ব্যবহৃত হচ্ছিল। তাদের গ্রাহকদের মধ্যে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবাও রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, এই ডেটা সেন্টারের আড়ালে কিছু নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ চিপ চীনে পাচার হচ্ছিল। তবে মেগাস্পিড এই অভিযোগ অস্বীকার করে বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বিতর্ক আরও ঘনীভূত হয়েছে মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর। এমনকি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই কর্মকর্তার সম্পর্ক নিয়েও তদন্ত শুরু করেছে খোদ এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। যুক্তরাষ্ট্র যখন চীনের কাছে উন্নত এআই প্রযুক্তি বিক্রিতে কঠোর হচ্ছে, ঠিক তখনই সরকারি মহলে এনভিডিয়ার এমন তদবির কড়া নজরদারির মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights