ছিটকে গেলেন নাহিদ রানা ফিটনেস অনুশীলনে মুস্তাফিজ, শরিফুলরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন – বিসিবি
পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় এখন পুরোপুরি উইন্টার না হলেও হালকা শীত পড়েছে। সেজন্য তাসমানিয়ায় সিরিজ আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০০৩ সালে প্রথম ও শেষবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২৩ বছর পর পুনরায় টেস্ট সিরিজ খেলবে ট্রান্স তাসমান পাড়ের দেশটিতে। প্রায় দুই যুগ আগে টেস্ট দুটি খেলেছিল যথাক্রমে ডারউইন ও কেয়ার্নসে। এবার খেলবে ডারউইন ও ম্যাকেইতে। ডারউইন বাংলাদেশের ক্রিকেটারদের পরিচিত নাম। ম্যাকেইর পরিচিতি পর্যটনের জন্য। এখানেই বিখ্যাত কোরাল দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফ। প্যাট কামিন্সকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ আগামী দু-একদিনের মধ্যে ঘোষণা করবে স্কোয়াড। সাইড স্ট্রেইনের জন্য সিরিজ থেকে সরে দাঁড়াতে হলো ডান হাতি ফাস্ট বোলার নাহিদ রানাকে। এ ছাড়া বিসিবি প্রজ্ঞাপনের মাধ্যমে লিটন দাস, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের ইনজুরির আপডেট জানিয়েছে।
ফিটনেস অনুশীলনে মুস্তাফিজ, শরিফুলরা – বিসিবিঅস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তদের অনুশীলন শুরু হবে দুই দিনের মধ্যে। নাজমুলরা ঢাকা ছাড়বেন দুই ধাপে ১ ও ৩ আগস্ট। ডারউইনে প্রথম টেস্ট ১৩-১৭ আগস্ট এবং ম্যাকেইতে দ্বিতীয় টেস্ট ২২-২৬ আগস্ট। সিরিজের টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে নাজমুল বাহিনী আড়াই দিনেই হেরেছে ইনিংস ব্যবধানে। হারারে টেস্টের হারজিত কোনো প্রভাব ফেলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপে। নাজমুল বাহিনী এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছে চার ম্যাচ। ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ২-০ ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে একটি ড্র করলেও একটিতে হেরেছে। বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ২ জয় এবং এক ড্র ও হারে পয়েন্ট ২৮। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ টেস্টের ৭ জয়ে ৮৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজকালের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। বাম পায়ের মাংসপেশিতে টান লাগায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডান হাতি দীর্ঘকায় ফাস্ট বোলার নাহিদ রানাকে। স্ক্যান রিপোর্টে ‘গ্রেড-২ সাইড স্ট্রেইন’। এ অবস্থায় টিস্যু শুকাতে সময় লাগব প্রায় চার সপ্তাহ। এরপর মান বোলিং ওয়ার্কলোড বাড়াতে আরও সময় লাগবে ২-৪ সপ্তাহ। বাঁ-হাতি পেসার শরিফুলও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ভুগছেন। যা ‘গ্রেড-১’ ইনজুরি। তার পুনর্বাসন বা রিহ্যাব চলছে। তিনি পুনরায় বোলিং করবেন ২৯ জুলাই। ফিটনেস পরীক্ষা দেবেন ১২ আগস্ট। সেজন্য ১৩ আগস্ট শুরু প্রথম টেস্ট মিস করবেন। অবশ্য মেডিক্যাল ক্লিয়ারেন্স পেলে ২২ আগস্ট দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান এখন আর টেস্ট খেলেন না। তিনি ভুগছেন ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে। সঙ্গে রয়েছে কাফ মাসল ইনজুরি। হাড়ে ফাটল ধরায় আরেক ডান হাতি পেসার তানজিম সাকিব অনেক দিন ধরে মাঠের বাইরে। এখন তিনি রিহ্যাব করছেন। পুরোপুরি সুস্থ কি না এটা জানতে ৮-১০ সপ্তাহের মধ্যে তার সিটি স্ক্যান করা হবে। সুতরাং তাকেও দেখা যাবে না অস্ট্রেলিয়া সফরে। দলের ব্যাটিং লাইনের অন্যতম স্তম্ভ লিটন ভুগছেন বাম পায়ের কাফ মাসলের ইনজুরিতে। অবশ্য পিআরপি চিকিৎসা করা হয়েছে তার। আগামীকাল তার রানিং ও কন্ডিশনিং শুরু হবে। ১৩ আগস্ট ফিটনেস পরীক্ষা দেবেন। সেখানে পাস করলে ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট খেলবেন লিটন। অস্ট্রেলিয়া সফরে খর্ব শক্তির পেস অ্যাটাক নিয়ে ড্রপ ইন উইকেটে কতটা ভালো করবে, সে বিষয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।
