ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবা নিহত

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া নামে এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কিছু শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। আজ সকালে মনসুর তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন এলাকায় পুরাতন লাইনের ব্রিজে কাজ করছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি আসতে দেখেন তারা। পরে তিনজনই ব্রিজ পার হতে দৌড়াতে থাকেন।

তারা আরও জানান, একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ট্রেনের নিচে কাটা পড়েন। এতে মনসুরের শরীর তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলেসহ অন্যজন অজ্ঞান হয়ে যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights