জকসুর উদ্যোগে ফ্রি বেসিক কম্পিউটার কোর্স চালু

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং স্কিল সেবার সহযোগিতায় ফ্রি বেসিক কম্পিউটার কোর্স চালু হতে যাচ্ছে।

আয়োজক সুত্রে জানা গেছে, আগামী ১৫ মে থেকে এই কোর্সের ক্লাস শুরু হবে। এতে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট,সিভি তৈরি, পিডিএফ ও গুগল ফরম তৈরি এবং কম্পিউটারের বেসিক ধারণা দেওয়া হবে।

কোর্সটি অনলাইনের মাধ্যমে ৪ দিন ব্যাপী (মোট ১০ ঘন্টায়) শেষ হবে। কোর্সটি লাইভ ও রেকর্ড ক্লাস করা যাবে।কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার, বিনামূল্যে প্রয়োজনীয় শীট এবং নিবন্ধনকারী ৫০ জন ফ্রীতে ক্যানভা প্রিমিয়াম পাবে।

এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন,
“নির্বাচনের সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল এই দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিলের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইউনিসেফের সাথে চুক্তি করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮-১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে বা অনেক সময় বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য এই দক্ষতামূলক কোর্সের সুযোগ করে দিচ্ছি। যাতে করে একজন শিক্ষার্থী কর্পোরেট জগতে প্রবেশের জন্য যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন, আমরা সেগুলো অর্জনে সহায়তা করতে চাই। এরই ধারাবাহিকতায় বেসিক কম্পিউটার কোর্স চালু করা হয়েছে।

কোর্সটির আয়োজক জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার স্কিল একটি অপরিহার্য দক্ষতা। এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছি। ১০ ঘন্টা ব্যাপী এই কোর্সে মাধ্যমে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের কাজ সহ সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights