জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ

জয়পুরহাট প্রতিনিধি
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। এ বছর জেলায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ এগিয়ে রয়েছে।

রাজশাহী বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জয়পুরহাট জেলা থেকে এ বছর মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭ জন। যার পাসের হার ৭৩.৬১%। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। যার পাসের হার ৬১.৬০%।

জেলায় প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক, (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতি শিক্ষার্থীরা।

অন্যদিকে, ১২১১ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ মার্কস অর্জনের রেকর্ড গড়েছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারের ভিত্তিতে জেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮.৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫.৩ শতাংশ সাফল্য অর্জন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, এসএসসি পরীক্ষায় এবছরে জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। জেলায় সন্তোষজনক রেজাল্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights