জলাবদ্ধতার অন্যতম কারণ নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, জলাবদ্ধতার অন্যতম কারণ নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতা নিরসনে সাময়িক পদক্ষেপ নয়, পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সংকট প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকট তৈরি হয়েছে। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ— বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতি ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights