জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি

নিজস্ব প্রতিবেদক

দেশে নীরব ঘাতক হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস। বর্তমানে দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এ রোগে আক্রান্ত এবং প্রাপ্তবয়স্কের প্রায় অর্ধেকই ডায়াবেটিস কিংবা প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তের প্রায় ৫০ শতাংশই জানেন না তাঁরা এই প্রাণঘাতী রোগে ভুগছেন। অথচ বিশ্বজুড়ে ডায়াবেটিসের এ ভয়াবহতা তুলে ধরে ২০০৬ সালে জাতিসংঘে ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে স্বীকৃতির মূল রেজল্যুশনটি উত্থাপন করেছিল বাংলাদেশই। আন্তর্জাতিক অঙ্গনে এমন গৌরব অর্জনকারী দেশ হওয়া সত্ত্বেও আজও ডায়াবেটিসের চিকিৎসার জন্য সরকারিভাবে কোনো বিশেষায়িত জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি। এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের এই বড় শূন্যতা পূরণের দাবি জোরালো হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাণঘাতী এ রোগ প্রতিরোধ ও উন্নত চিকিৎসার স্বার্থে দ্রুত ‘জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি (ইডব্লিউএমজিপিএলসি) কনফারেন্স হলে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস : আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে চিকিৎসা বিশেষজ্ঞরা এসব তথ্য ও দাবি জানান। বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এ গোলটেবিলে সার্বিক সহযোগিতা করেছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি)। গোলটেবিল আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে অপসোনিন ফার্মা লিমিটেড।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম।

বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক গোলাম মাহবুব লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এসেডবির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও এসেডবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ও ওজিএসবির সাংস্কৃতিক সম্পাদক ডা. ফারাহ নূর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও এসেডবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও এসেডবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম।

আরও বক্তব্য দেন কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাশফিকুল হাসান, ঢামেক হাসপাতালের মেডিসিন ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম সোহেল, অপসোনিন ফার্মা লিমিটেডের সিনিয়র ম্যানেজার সৈয়দ মো. রিয়াজুল আলম ও বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি এডিটর হেড অব ডিজিটাল শামসুল হক রাসেল, অপসোনিন ফার্মা লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন মজুমদার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. শাহারিয়ার রেজা, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (সার্কুলেশন) বিল্লাল হোসেন মন্টু, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘শিশু থেকে বৃদ্ধ সব বয়সি মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই এ রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেভাবেই স্বাস্থ্যব্যবস্থাকে গড়ে তুলতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস, শিশুদের ডায়াবেটিস আশঙ্কা তৈরি করছে। জনসচেতনতা ছাড়া ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব নয়।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে সরকার এনসিডি কর্নারের (সরকারি হাসপাতালে এ কর্নার থেকে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়) মাধ্যমে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দিচ্ছে। প্রতিরোধমূলক চিকিৎসা গড়ে তুলতে জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার আলোচনা চলছে। কিডনি, চক্ষু, হার্ট, স্ট্রোকসহ বিভিন্ন রোগের পেছনে ভূমিকা থাকে ডায়াবেটিসের। অপচিকিৎসা ও অবৈজ্ঞানিক কাজ রোগ নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি করে।’

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম বলেন, ‘দেশে ডায়াবেটিস চিকিৎসায় সরকারি বিশেষায়িত ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র গড়ে ওঠেনি। তাই সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে অতি দ্রুত “ন্যাশনাল ইনস্টিটিউট অব মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস ও গবেষণা কেন্দ্র” প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।’ এসেডবির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন বলেন, ‘দেশে ডায়াবেটিস আক্রান্তের প্রকৃত সংখ্যা জানতে ন্যাশনাল রেজিস্ট্রি জরুরি। আমাদের লোকাল স্টাডি অনুযায়ী প্রায় ২০ শতাংশ মানুষের ডায়াবেটিস এবং প্রায় ৩০ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিক অবস্থায় রয়েছে। ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত সমস্যা সামগ্রিক জনগোষ্ঠীর প্রায় অর্ধেককে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে।’ এসেডবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের কাছে ১০টি প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এখানে জটিল ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণা একই জায়গায় হবে। উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ৩৫ বছরের বেশি বয়সি সবার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত সুগার পরীক্ষা বিনামূল্যে নিশ্চিত করা। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন ও সুগার মাপার স্ট্রিপ সারা বছর বিনামূল্যে বা স্বল্পমূল্যে পাওয়া নিশ্চিত করা। প্রতিটি জেলা হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি করা, ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদ নিয়োগ দেওয়া, আর প্রাথমিক স্তরের চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। জেলা পর্যায়ে চোখের রেটিনা, কিডনি ও পায়ের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এবং ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট চালু করা। সোশ্যাল মিডিয়ায় ভুয়া চিকিৎসা এবং ‘ওষুধ ছাড়াই ডায়াবেটিস নির্মূল’-জাতীয় বিজ্ঞাপনের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি ও বিটিআরসির সমন্বিত নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া। চিনিযুক্ত পানীয় ও জাঙ্ক ফুডের ওপর বাড়তি কর আরোপ করা, শহরে পার্ক, হাঁটার পথ ও খেলার মাঠ সংরক্ষণ করা এবং খাদ্যপণ্যের মোড়কে চিনি ও লবণের পরিমাণ স্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক করা। স্কুলে নিয়মিত শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর টিফিন নিশ্চিত করা, পাঠ্যক্রমে ডায়াবেটিস সচেতনতা যুক্ত করা এবং কর্মস্থলে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা চালু করা। প্রত্যেক গর্ভবতী মায়ের গর্ভকালীন ডায়াবেটিস পরীক্ষা বাধ্যতামূলক করা এবং টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ইনসুলিন ও সামগ্রিক সেবা দেওয়া। একটি জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি গড়ে তোলা, দেশের উপযোগী জাতীয় চিকিৎসা গাইডলাইন প্রণয়ন এবং গবেষণায় সরকারি অর্থায়ন বাড়ানো। এসব কাজে এসেডবিসহ পেশাজীবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা।

অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, ‘দেশে ২৫ শতাংশের বেশি গর্ভবতী নারী কোনো না কোনো ডায়াবেটিসে আক্রান্ত থাকেন। পিসিওএস আক্রান্ত ৭০-৮০ শতাংশ নারী ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ায় তাঁরা গর্ভ ধারণ করতে চাইলে গাইনোকোলজিস্টের পরামর্শে কিছু পরীক্ষা করানো উচিত। এছাড়া উইমেন সেলফ ইন্সটিটিউট ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

ডা. সায়ীদ মেহবুব উল কাদির বলেন, ‘ডায়াবেটিসের কারণে চোখের সবচেয়ে মারাত্মক যে সমস্যাটি মানুষকে অন্ধত্বের দিকে নিয়ে যায়, তা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে রোগ অ্যাডভান্সড স্টেজে যায় না।

ডা. ফারাহ নূর বলেন, ‘পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) বা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকায় তাঁরা ডায়াবেটিসের বাড়তি ঝুঁকিতে থাকেন।’

ডা. মীর মোশাররফ হোসেন বলেন, ‘ওজন ৫-৭ শতাংশ কমাতে পারলে প্রায় ৬০ শতাংশ প্রি-ডায়াবেটিক রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। এজন্য সঠিক খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো অত্যন্ত জরুরি।’ অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত করতে হলে উপজেলা লেভেলে ডায়াবেটিস ও হরমোন বিষয়ের কনসালট্যান্ট পদ সৃষ্টি করতে হবে। ডায়াবেটিস শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রায় সব অঙ্গকেই ক্ষতিগ্রস্ত করে এবং এর জটিলতা বহুমুখী।’

ডা. মাহমুদুল হোসেন বলেন, ‘শারীরিক নিষ্ক্রিয়তা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করা কর্মজীবী মানুষের মধ্যে খুব বেশি দেখা যায়। এটা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। করোনা মহামারির সময় এ নিষ্ক্রিয়তা আরও বেড়ে যাওয়ায় ডায়াবেটিস রোগী বহুগুণ বৃদ্ধি পেয়েছে।’ ডা. এম এ হালিম খান বলেন, ‘৫০ বছর আগেই দেশে ডায়াবেটিসের জন্য একটি ন্যাশনাল ইনস্টিটিউট হওয়া উচিত ছিল। আর দেরি না করে অবিলম্বে এটি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় দেশের ঘরে ঘরে ডায়াবেটিস ছড়িয়ে পড়ার পর ইনস্টিটিউট করার কোনো অর্থ থাকে না। তবে কেবল ঢাকাভিত্তিক একটি ইনস্টিটিউট করলে চলবে না, বরং এই ন্যাশনাল ইনস্টিটিউটের ব্রাঞ্চ বা শাখা পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই সমান্তরালভাবে প্রতিষ্ঠা করতে হবে।’ ডা. মো. আতিকুর রহমান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে স্ট্রোকের তীব্রতা অনেক বেশি থাকে। নন-ডায়াবেটিকদের তুলনায় ডায়াবেটিক স্ট্রোক রোগীদের মধ্যে মৃত্যুর হার প্রায় দ্বিগুণ। পক্ষাঘাতের ঝুঁকি দুই থেকে তিন গুণ বেশি।’

ডা. মাশফিকুল হাসান বলেন, ‘গ্রামের তুলনায় শহরাঞ্চলে কিশোর-তরুণদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ প্রায় দ্বিগুণ হওয়ার কারণ মাঠে গিয়ে খেলাধুলা ও শারীরিক পরিশ্রম কমে যাওয়া। উচ্চ ক্যালোরিযুক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড ও তেলে ভাজা খাবারে আসক্তি ঝুঁকি বাড়াচ্ছে।’ ডা. মাজহারুল ইসলাম সোহেল বলেন, ‘ডায়াবেটিস শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি সমন্বিত জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সংক্রামক ও অসংক্রামক দুই ধরনের রোগের ঝুঁকি, তীব্রতা ও মৃত্যুঝুঁকি বেশি।’ সৈয়দ মো. রিয়াজুল আলম বলেন, ‘এবারের বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে অপসোনিন ফার্মা লিমিটেড সারা দেশে প্রায় ৬০টি প্রতিষ্ঠানে র‌্যালি এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে; যাতে ডায়াবেটিস-সংক্রান্ত সামাজিক কুসংস্কার ভাঙে এবং সচেতনতামূলক তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights