জাতীয় নারী দলের ফুটবলার সোনালীর বাবা পেলেন ইজিবাইক
পঞ্চগড় প্রতিনিধি
‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে দেশ-বিদেশে খেলতে যায়’— বলে আলোচনায় আসা ভ্যানচালক ফারুক ইসলামকে একটি ব্যাটারীচালিত ইজিবাইক কিনে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্য বিরোধী আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে। তিনি জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা।
‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’— শিরোনামে গণমাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফুটবলার ফেরদৌসি আক্তার সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। শিরোনামের বাক্যটিই ছিলো ফারুক ইসলামের গর্বের সুরে বলা অনুভূতি। প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সাবেত আলী তাদের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়িতে পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
