জাফর ইকবাল-মাকসুদ কামালকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি দিতে হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আগামী ১২ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
প্রসিকিউশনের তথ্য মতে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, তাতে তিন শতাধিক ছাত্রছাত্রী আহত হন। আসামিদের বিরুদ্ধে ওই সময় উসকানিমূলক বক্তব্য দেওয়া ও হামলার পেছনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে- অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত গ্রেফতার আছেন।
