জাবিতে শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ, অসন্তোষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে এ ভাতা বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ই মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান বন্ধ করা হয়েছে।’

এদিকে, ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকরা। জানতে চাইলে দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই তো গবেষণা করা, জ্ঞান উৎপাদন করা। বিশ্ববিদ্যালয় শুধু পাঠশালা নয়, গবেষণা ছাড়া নতুন জ্ঞান উৎপাদন সম্ভব নয়। একটা প্রধান উদ্দেশ্য পূরণের পরিবর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম বলেন, ‘গবেষণার ক্ষেত্রে স্বীকৃতি ও অর্থায়ন দুটি বিষয়ই জরুরি। অর্থায়নটা নিশ্চিত করতে পারলে শিক্ষকরা নতুন গবেষণায় আগ্রহী হবেন।’

জাবি শিক্ষক সমিতির সভাপতি ও গবেষক অধ্যাপক ফরিদ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভাতা দিলে শিক্ষকরা গবেষণা করতে অনুপ্রাণিত হন। হঠাৎ করে এধরনের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে তা আমার ঠিক জানা নেই। পুনরায় গবেষণা ভাতা প্রদানের বিষয়ে আমি উপাচার্যের সঙ্গে আলোচনা করব।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে, গবেষণা ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights