জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের নোটিসে তাকে আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। দুদক সূত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানান, জাহাঙ্গীর আলমের বক্তব্য নেওয়ার জন্য দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। তিনি এক মাস সময় চেয়েছিলেন। সেই আবেদন বিবেচনায় নিয়ে তাকে এ চিঠি পাঠানো হয়েছে। এর আগে ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। জাহাঙ্গীর আলম বলেছিলেন, সরকার আমাকে দুটি প্রকল্পে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে আমার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও অসত্য। আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে। যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এর আগে ১৮ মে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ, ব্যাখ্যা ও প্রস্তুত করতে এক মাস সময় চেয়েছিলেন জাহাঙ্গীর আলম।

ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে পাঠানো নোটিসে ২১ ও ২২ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। এ বিষয়ে ১৭ মে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, হাই কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালের আর একটি অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে অনেকেরই বক্তব্য নেওয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অভিযোগের অনুসন্ধানের শেষ পর্যায়ে তার বক্তব্য প্রয়োজন। এ কারণেই তাকে তলব করা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights