জুনে কালুরঘাট সেতুর সংস্কার

আগামী জুন মাস থেকে চট্টগ্রামের কালুরঘাট সেতু সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। সেই সাথে ২০২৮ সালের আগে নতুন কালুরঘাট সেতু নির্মাণের কোনো সম্ভাবনা নেই বলেও জানান রেল সচিব।

জেলা প্রশাসন আয়োজিত সভায় রেল সচিব আরও বলেন, ‘সেতু সংস্কার করতে ছয় মাস সময় লাগবে। তবে তিন মাসের মধ্যে সেতুর মূল অংশের সংস্কার শেষ হবে। সংস্কার কাজ চলাকালে তিন মাস চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এসময়ে সেতুর ওপর যান চলাচলও বন্ধ থাকবে। যাতায়াতের জন্য ফেরি চালু করা হবে। এই সময় সবার সাময়িক অসুবিধা হতে পারে।’

হুমায়ুন কবীর বলেন, ‘সেপ্টেম্বরে কক্সবাজার রুটে ট্রেন চালু হবে। নতুন রেলপথ দিয়ে ১২০/১৩০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পর্যটন শহরে পৌঁছে যাবেন।’
সভায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা জানান, ‘এই সেতু দিয়ে সংস্কার ছাড়া কোনোভাবেই ভারি ইঞ্জিনের ট্রেন চালানো সম্ভব নয়। বর্তমানে এই সেতুতে ট্রেনের গতি ১০ কিলোমিটার। সংস্কারের পর ৫০-৬০ কিলোমিটার চালানো যাবে। ইতিমধ্যে বুয়েটের পরামর্শক দলের পরামর্শে সেতু সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২০ জুন সংস্কার কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরে মূল সংস্কার কাজ শেষ হবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সঞ্চালনায় সভায় রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রোন উদ্দিন খালেদ চৌধুরী, বোয়ালখালী পৌরসভার চেয়ারম্যান জহুরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights